এশিয়ার বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মূল্যছাড় ঘোষণা করেছে সৌদি আরব। তবে উল্লেখযোগ্য মূল্যহ্রাসের পরও অন্যান্য রপ্তানিকারক দেশের তুলনায় সৌদি অপরিশোধিত তেলের দাম তুলনামূলক বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।
আগামী আগস্ট মাসের জন্য সৌদি আরব তাদের প্রধান ‘আরব লাইট’ অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য (ওএসপি) প্রতি ব্যারেলে ১১ মার্কিন ডলার কমিয়েছে। এর ফলে এশিয়ার বাজারে ওমান ও দুবাইয়ের গড় দামের তুলনায় প্রতি ব্যারেলে ১ দশমিক ৫০ ডলার কম দামে তেল বিক্রি করবে দেশটি। একই সঙ্গে তাদের আরও চার ধরনের অপরিশোধিত তেলের দামও সমান হারে কমানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই মূল্যছাড়ের পেছনে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধি এবং আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তীকালীন সমঝোতার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ বেড়েছে এবং বাজারে দাম কমেছে।
এদিকে ইরানের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দেশটির তেল আবার আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কুয়েতও ক্রেতা আকর্ষণে তেলের দাম কমিয়েছে, ফলে এশিয়ার বাজারে প্রতিযোগিতা আরও বেড়েছে।

মন্তব্য করুন