২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত হয়েছে শেষ আটে উঠতে না পারা দলগুলোর চূড়ান্ত অবস্থানও। সেই তালিকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান ১১তম, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন সমাপ্তি।
শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। চূড়ান্ত র্যাঙ্কিংয়ে তারা ১১তম স্থানে থেকে আসর শেষ করেছে। এর আগে ১৯৬৬ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে একই অবস্থানে ছিল সেলেসাওরা। আর তাদের সবচেয়ে খারাপ ফল আসে ১৯৩৪ সালে, যখন ১৬ দলের বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিদায় নিয়ে ১৪তম হয়েছিল ব্রাজিল।
এবারের আসরে ব্রাজিলের সংগ্রহ ১০ পয়েন্ট। পাঁচ ম্যাচে তারা করেছে ১০ গোল, হজম করেছে মাত্র ৪টি। গোল পার্থক্য ছিল প্লাস ৬। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করে। দ্বিতীয় রাউন্ডে জাপানকে পরাজিত করলেও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে থেমে যায় তাদের যাত্রা।
অন্যদিকে, গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া মেক্সিকো ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। তবে শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।
কলম্বিয়া শেষ করেছে ব্রাজিলের এক ধাপ ওপরে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করলেও শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ম্যাচের পর টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। ফলে চূড়ান্ত র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে পেছনে ফেলেই বিশ্বকাপ শেষ করেছে কলম্বিয়ানরা।

মন্তব্য করুন