https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর দেশটির বুশেহর প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং উন্মুক্ত গোয়েন্দা তথ্যভিত্তিক বিভিন্ন সূত্রে এ দাবি করা হলেও, ঘটনাটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পরপরই আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানি কর্তৃপক্ষও এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার রাতে ইরানজুড়ে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে। ওই হামলার পরই বুশেহরের এই অগ্নিকাণ্ডের খবর সামনে আসে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচলের ওপর ইরানের হুমকি দুর্বল করাই তাদের অভিযানের মূল উদ্দেশ্য।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুশেহর ও আশপাশের এলাকায় বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারাও প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের স্থাপনায় আগুন লাগার খবরে ধারণা করা হচ্ছে, হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদাগার, ড্রোন অবকাঠামো বা কমান্ড স্থাপনা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।