উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে রিয়াদ অভিযোগ করেছে, তেহরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি)-এর সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করেছে।

রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ওআইসি সনদ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থী। এসব কর্মকাণ্ডের ফলে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নৌপরিবহন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।

সৌদি আরব জানিয়েছে, সর্বশেষ হামলায় তাদের ভূখণ্ড বা স্থাপনা লক্ষ্যবস্তু না হলেও গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

এদিকে শনিবার হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এতে জাহাজে থাকা ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাবিকও ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনার জেরে ভারতও ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।