টানা কয়েক দিনের বৃষ্টির পর সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই আবারও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে অফিসগামী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কাও দেখা দিয়েছে।

শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রোববার ঢাকার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। তবে বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত বৃষ্টি তুলনামূলক কম থাকায় বিভিন্ন সড়ক ও অলিগলির জমে থাকা পানি অনেকটাই নেমে যায়। কিন্তু সকাল থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় নগরবাসীর মধ্যে জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।