প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম বরিশাল সফর। এ সফরকে কেন্দ্র করে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার প্রত্যাশা তৈরি হয়েছে।
সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্র জানিয়েছে, বর্ষাকালীন আবহাওয়ার কারণে এ সফরে কোনো জনসভা রাখা হয়নি। তবে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের বেশ কয়েকটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশা জোরালো হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা–বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প।
স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন