https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মার্কিন নৌবাহিনীর নিমিটজ শ্রেণির সুপারক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকন আধুনিক বিমানবাহী রণতরির ইতিহাসে অন্যতম দীর্ঘতম টানা সমুদ্র অভিযানের নজির গড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে অংশ নিয়ে জাহাজটি ২০০ দিনেরও বেশি সময় একটানা সমুদ্রে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি রেকর্ড নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন বিমানবাহী রণতরি বহরের ওপর বাড়তে থাকা চাপেরও স্পষ্ট প্রতিফলন।
প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানিয়েছে, চীন, উত্তর কোরিয়া, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরি মোতায়েন রাখতে হচ্ছে। ফলে বহরের ওপর অপারেশনাল ও রক্ষণাবেক্ষণ—দুই ধরনের চাপই দ্রুত বাড়ছে।
ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থ্রি-এর ফ্ল্যাগশিপ ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে। শুরুতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত মোতায়েনের পরিকল্পনা থাকলেও, গুয়ামে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর এটি দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর হয়ে ২০২৬ সালের জানুয়ারিতে উত্তর আরব সাগরে পৌঁছে।
পরে ‘অপারেশন এপিক ফিউরি’-এর আওতায় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে অংশ নেয় রণতরিটি। এর এয়ার উইং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক শক্তিতে পরিণত হয়।
জাহাজটির কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অ্যালেক্সিস ট্রাভিস জানান, আধুনিক বিমানবাহী রণতরিগুলোর মধ্যে টানা সমুদ্রে অবস্থানের দিক থেকে এটি নতুন রেকর্ড। যদিও ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মোট ৩২৬ দিনের দীর্ঘ মোতায়েন সম্পন্ন করেছিল, সেই সময়ে জাহাজটি ইউরোপের বিভিন্ন বন্দরে একাধিকবার নোঙর করেছিল। ফলে টানা সমুদ্রে থাকার দিক থেকে আব্রাহাম লিংকনের অবস্থান আলাদা।