https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (১২ জুলাই) শুরু হয়ে সোমবার (১৩ জুলাই) পর্যন্ত চলা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে সংকটের মুখে পড়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইআরজিসি জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল জর্ডানের প্রিন্স হাসান এয়ার বেস, বাহরাইনে মার্কিন সামরিক ড্রোনের একটি কমান্ড সেন্টার এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি।
হামলার পর সোমবার ভোরে বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আতঙ্কিত জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
ইরানের এই নতুন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অভিযানের পরিধি আরও বিস্তৃত হয়েছে। তেহরান জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা ধারাবাহিক অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ইরান আবারও হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
এদিকে হামলার বিস্তার কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও পৌঁছেছে। যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী কাতারে গত এপ্রিলের পর প্রথমবার হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ওয়াশিংটন সময় রোববার বিকেল ৫টা থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করে। এর পরপরই ইরান পাল্টা হামলা চালায়, ফলে দুই দেশের মধ্যে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করেছে।