https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ত্রুটি সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করে সন্তোষজনক অগ্রগতি পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনার পর ব্যবস্থা না নিলে সরকার সমালোচনার মুখে পড়ত। তাই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ সেগুলো সংস্কার করেছে বলে দাবি করেছে। এ কারণে তারা পুনরায় পরিদর্শনের আবেদন করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিদর্শনের পর বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করা হবে। অগ্রগতি সন্তোষজনক হলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে এখনই হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক সহায়তা দিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় দায়ের করা মামলা বিচারাধীন থাকায় পরবর্তী সিদ্ধান্ত আদালত ও আইন অনুযায়ী হবে।