প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।

সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিল, তেমনি সম্প্রতি জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। এই ঐক্যের শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষাকে শুধু সরকারের বা সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে এটিকে সবার সম্মিলিত দায়িত্ব হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ বৃক্ষরোপণের দিনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই—দেশের পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখব। এটাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সাগরদী খালের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, খালটির সংরক্ষণ শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; খালপাড়ের বাসিন্দাদেরও সমান দায়িত্ব রয়েছে। তিনি খালে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যুসহ বিভিন্ন বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে এ বিষয়ে সচেতন করতে হবে।

সিটি করপোরেশনকে উদ্দেশ করে তিনি বলেন, খালের পাশে পর্যাপ্ত ময়লার বিন ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে এবং বাসাবাড়ির ব্যবহৃত পানি বা সুয়ারেজ লাইন সরাসরি খালে সংযুক্ত না করার ব্যবস্থা নিতে হবে। এতে পানি দূষণ কমবে এবং পরিবেশ রক্ষা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি নিজের ঘর, পাড়া ও দেশ পরিষ্কার না রাখি, তাহলে ক্ষতিগ্রস্ত হবো আমরাই। অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ দলীয় নেতারা খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন।

এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। পরে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার মাধ্যমে তাঁর বরিশাল সফরের শেষ কর্মসূচি সম্পন্ন হয়।