প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। জুনের শেষ সপ্তাহে দাবদাহের তীব্রতায় মহাদেশজুড়ে এক সপ্তাহেই ১০ হাজারের বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে।
ইউরোপের মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬তম সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৯ হাজারেরও বেশি ছিলেন প্রবীণ, যা তীব্র তাপপ্রবাহে বয়স্ক জনগোষ্ঠীর উচ্চ ঝুঁকির বিষয়টি আবারও স্পষ্ট করেছে।
পরিসংখ্যানে দেখা যায়, বেলজিয়াম ও ফ্রান্সে অতিরিক্ত মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে পরিস্থিতি ছিল মাঝারি মাত্রার। অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল।
জুনের দ্বিতীয়ার্ধে পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহে হিটস্ট্রোক, হৃদ্রোগ ও শ্বাসযন্ত্রের জটিলতাসহ নানা স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে গত ৯ জুলাই ইউরোপীয় পৃথিবী পর্যবেক্ষণ ও মানচিত্রায়ন সেবা ‘কোপার্নিকাস’ জানায়, ২০২৬ সালের জুন ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ জুন। ওই মাসে গড় ভূ-পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস, যা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

মন্তব্য করুন