https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। একসঙ্গে দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন তিনি। ছবি দুটির নাম ‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সিনেমার শিরোনাম পোস্টার প্রকাশ করেন গোবিন্দ। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, এখন আমি প্রস্তুত।
সংক্ষিপ্ত এই বার্তার মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে অভিনয়ে ফেরার ইঙ্গিত দেন জনপ্রিয় এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই দুটি সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর দর্শকদের সামনে ফিরবেন গোবিন্দ। তবে সিনেমাগুলোর গল্প, পরিচালক, সহশিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক তারকা ছিলেন গোবিন্দ। দুর্দান্ত কমেডি, নাচের দক্ষতা এবং নিখুঁত অভিনয়ের জন্য তিনি ‘হিরো নম্বর ওয়ান’ নামে পরিচিতি পান। তাঁর অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে সসুরাল’, ‘দুলহে রাজা’, ‘হাসিনা মান জায়েগি’, ‘জোড়ি নম্বর ওয়ান’ এবং ‘পার্টনার’-এর মতো একের পর এক ব্যবসাসফল সিনেমা তাঁকে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন এনে দেয়।
তবে গত এক দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় খুব একটা দেখা যায়নি এই তারকাকে। মাঝে মধ্যে টেলিভিশন অনুষ্ঠান, রিয়েলিটি শো এবং বিভিন্ন জনসম্মুখে উপস্থিত হলেও নতুন সিনেমায় অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি।
সম্প্রতি ‘দুনিয়াদারি’ সিনেমার একটি নাচের মহড়ার ভিডিও প্রকাশ করে প্রত্যাবর্তনের আভাস দিয়েছিলেন গোবিন্দ। এবার আনুষ্ঠানিকভাবে দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়ে সেই জল্পনারই ইতি টানলেন।
দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে আবারও রুপালি পর্দায় দেখতে মুখিয়ে আছেন তাঁর অসংখ্য ভক্ত। এখন অপেক্ষা শুধু ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’-এর নির্মাণ, অভিনয়শিল্পী এবং মুক্তির তারিখ সংক্রান্ত বিস্তারিত ঘোষণার।