প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার পথ কঠিন হলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা কিংবা উদ্যোক্তা হতে চান, তাদের পথ সহজ নয়। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে রয়েছে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের উদ্ভাবনী উদ্যোগ দেশের লাখো মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, একসময় তিনি ব্যবসা শুরু করলেও পরে রাজনীতিতে যুক্ত হন। রাজনীতিতে পথচলার সময় নানা নির্যাতন ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সেই সময় অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিজ্ঞান, উদ্ভাবন ও স্টার্টআপভিত্তিক অনুষ্ঠানে দেশের তরুণদের অংশগ্রহণ দেখে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং সফল স্টার্টআপ উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইসিটি বিভাগের উদ্যোগে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।

পরে নির্বাচিত ছয়টি স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় জামদানি নিয়ে কাজ করা রাফিহা ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনার আবেদনের পর তাৎক্ষণিকভাবে তাঁর প্রতিষ্ঠানকেও অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সরকার জানিয়েছে, তরুণ ও নারী উদ্যোক্তা তৈরিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।