‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম সভায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত ছিল। কারাগারে থাকা ২৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। পরে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার ক্ষমতাবলে আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে সিআইডি ২৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২১, ১২১ক ও ১২৪ক ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে ২০২৫ সালের ১৪ আগস্ট আদালত মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম সভায় শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তি অংশ নেন। সেখানে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন