আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র। তিনি বলেছেন, তার বাবার কাছে ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচই কখনো সাধারণ ছিল না।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র বলেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই সব সময়ই বিশেষ গুরুত্ব বহন করে। এবারও তার ব্যতিক্রম হবে না। তার ভাষায়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ইংল্যান্ড দারুণ ফুটবল খেলছে, তবে তাদেরও শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে হবে। তাই ম্যাচটি দুই দলের জন্যই সমান কঠিন হবে।

তিনি বলেন, তার বাবা কখনোই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে অন্য দশটি ম্যাচের মতো দেখতেন না। এই লড়াই আর্জেন্টিনার মানুষের কাছে ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি, যুদ্ধে নিহতদের আত্মত্যাগ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্সকে মনে করিয়ে দেয়। সেই ম্যাচের পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি লড়াই আলাদা আবেগ বহন করে।

ম্যারাডোনা জুনিয়র জানান, ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনালের সময় তার জন্ম হয়নি। ওই বছরের সেপ্টেম্বরে তার জন্ম হলেও ছোটবেলা থেকেই বাবার মুখে সেই ম্যাচের অসংখ্য গল্প শুনে বড় হয়েছেন তিনি।

বর্তমান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতিও গভীর শ্রদ্ধা প্রকাশ করেন ম্যারাডোনা জুনিয়র। তিনি বলেন, ব্যক্তিগতভাবে কখনো মেসির সঙ্গে দেখা না হলেও সব আর্জেন্টাইনের মতো তিনিও তাকে হৃদয়ে ধারণ করেন। তার বিশ্বাস, মেসি আরেকটি বিশ্বকাপ শিরোপা জয়ের যোগ্য।

তিনি আরও বলেন, তার বাবা দিয়েগো ম্যারাডোনা ফুটবলের এক অনন্য প্রতিভা ছিলেন, আর মেসি মানুষের মধ্যে সেরা ফুটবলার। মেসি ও তার পরিবারের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মেসি যেন আরেকটি বিশ্বকাপের ফাইনাল খেলার এবং শিরোপা জয়ের সুযোগ পান।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আবহে ম্যারাডোনা জুনিয়রের এই মন্তব্য বিশ্বকাপের সেমিফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগকে আরও উসকে দিয়েছে।