https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেছেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যতের জন্যও অপরিহার্য।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুলে কিংবা বাড়ির আশপাশে যেখানে সুযোগ রয়েছে, সেখানে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের উপকারিতা, অক্সিজেন উৎপাদন এবং পরিবেশে এর ভূমিকা সম্পর্কে ইন্টারনেট ও অন্যান্য উৎস থেকে জানারও পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। স্কুলে লাগানো গাছ বড় হলে শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের জায়গা হবে। একইভাবে বাড়িতে লাগানো গাছ বড় হলে পরিবেশ শীতল হবে এবং নির্মল বাতাস পাওয়া যাবে।
আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে একযোগে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।