https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে মানবিক মানুষ তৈরি করা জরুরি, আর সেই দায়িত্ব শিক্ষকদেরই পালন করতে হবে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরাই শিশুদের মানুষ করার কারিগর। তাই কোনো শিশুই যেন মানুষ, প্রাণী বা প্রকৃতির প্রতি নিষ্ঠুর মনোভাব নিয়ে বড় না হয়, সেদিকে শিক্ষকদের বিশেষভাবে নজর দিতে হবে। তিনি বলেন, শিশুদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর মনে হচ্ছে যেন তিনি এমন একটি কারখানায় এসেছেন, যেখানে মানুষ গড়ার কারিগররা একত্রিত হয়েছেন। তিনি বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কিছু সীমাবদ্ধতা ও সমস্যা রয়েছে, যা সরকার ধীরে ধীরে সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা অর্জিত জ্ঞান আরও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।
শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, গাছ যেমন বড় হবে, তেমনি শিশুরাও বড় হবে। গাছ তাদের বন্ধু হয়ে উঠবে এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয়। পরে পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এছাড়া প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা এবং শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকসহ শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।