ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহে আগ্রহী বাংলাদেশ, সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দেশগুলোর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহে আগ্রহী বাংলাদেশ, সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দেশগুলোর

ছবি: -সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরকে আরও আধুনিক, টেকসই ও ভারসাম্যপূর্ণ করতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে নতুন উড়োজাহাজ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিরা।

বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জাতীয় পতাকাবাহী সংস্থার বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এয়ারবাসের নতুন উড়োজাহাজ সংগ্রহের সম্ভাবনা পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদে টেকসই বিমানবহর গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই কৌশলের অংশ হিসেবেই এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে।

ইউরোপীয় প্রতিনিধিরা সরকারের এই আগ্রহকে স্বাগত জানিয়ে জানান, এয়ারবাস থেকে উড়োজাহাজ সংগ্রহের সম্ভাব্য প্রক্রিয়ায় বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি, নীতিগত ও অন্যান্য সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতার পরিধি সম্প্রসারণে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, বহর সম্প্রসারণে এয়ারবাসকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রয় কৌশলে বৈচিত্র্য আসবে। একই সঙ্গে আন্তর্জাতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে উন্নত প্রযুক্তি, অনুকূল অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি পরিচালন সুবিধা পাওয়ার সুযোগও বাড়তে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930