থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নয়াগণ’ মুক্তিকে ঘিরে তামিল চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা। প্রিয় তারকার বিদায়ী সিনেমাকে সম্মান জানাতে এবং বক্স অফিসে অসম প্রতিযোগিতা এড়াতে নিজেদের দুটি সিনেমার মুক্তি পিছিয়ে দিয়েছেন অন্য নির্মাতারা।
আগামী ২৩ জুলাই মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ‘জন নয়াগণ’। এটি রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে অভিনেতা হিসেবে বিজয়ের শেষ সিনেমা হওয়ায় দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
আগে ঘোষণা অনুযায়ী, ১৭ জুলাই মুক্তির কথা ছিল অলৌকিক ভৌতিক-রহস্যধর্মী ‘ইমর্টেল’ এবং অপরাধভিত্তিক থ্রিলার ‘দ্য ডার্ক হেভেন’। তবে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ ‘জন নয়াগণ’-কে বেশি প্রদর্শনীর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দুটি ছবির নির্মাতারা মুক্তির তারিখ পরিবর্তন করেছেন।
অভিনেতা ও সংগীত পরিচালক জিভি প্রকাশ কুমার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, থালাপতি বিজয়ের শেষ সিনেমার প্রতি সম্মান জানিয়ে তারা ‘ইমর্টেল’-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, থালাপতি যখন আসছেন, তখন তাদের একপাশে সরে দাঁড়ানোই উচিত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে।

মন্তব্য করুন