https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে রয়েছে প্রায় ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, বড় আকারের বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়। তবে এগুলোর সুনির্দিষ্ট ধরন, কার্যকারিতা ও উৎস নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
স্থানীয়দের ভাষ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি গোলাবারুদ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, নালা থেকে উদ্ধার হওয়া বস্তায় ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট পাওয়া গেছে।
তিনি আরও জানান, এসব বুলেট সেখানে কে বা কারা, কী উদ্দেশ্যে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।