https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ শেষ হলেও টুর্নামেন্টের আবেগ এখনো কাটেনি। লিওনেল মেসি, লিওনেল স্ক্যালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পর এবার ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলাচিঠি লিখেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ধন্যবাদ’ শিরোনামে প্রকাশিত চিঠিতে বিশ্বকাপে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি শিরোপা হারানোর আক্ষেপও তুলে ধরেন তিনি।
২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়ে বিশ্বকাপ ট্রফি জিততে না পারার কষ্টই বেশি বলে জানিয়েছেন তিনি।
চিঠিতে এমবাপ্পে লেখেন, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা ভীষণ কষ্টদায়ক। এই সত্য লুকানোর কোনো উপায় নেই, আর এই কষ্ট আরও কয়েক দিন থাকবে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়ে আমি গর্বিত, তবে ট্রফিটা জিততে পারলে আরও ভালো লাগতো। সমর্থকদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া উচিত ছিল আমাদের। কিন্তু গল্পের শেষ সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা শুধু নিজেদের সেরাটা দিতে পারি।
সতীর্থদের অবদান স্মরণ করে তিনি বলেন, সতীর্থদের পরিশ্রম, পাস এবং দলীয় ঐক্য ছাড়া এত গোল করা আমার পক্ষে সম্ভব ছিল না। এই স্বীকৃতি যতটা আমার, ততটাই পুরো দলের।
নিজের বিশ্বকাপ যাত্রার কথাও তুলে ধরেছেন ফরাসি তারকা। তিনি লেখেন, ছোটবেলায় অন্তত একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং জাতীয় দলের অধিনায়কত্ব করেছি। এই স্মৃতিগুলো আমি কখনোই ভুলব না।
চিঠিতে প্রধান কোচ দিদিয়ের দেশম, কোচিং স্টাফ, ফিজিওথেরাপিস্ট, প্রশিক্ষক, দলের রাঁধুনি, ড্রাইভারসহ দলের পর্দার আড়ালে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান এমবাপ্পে। পাশাপাশি যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্বকাপ আয়োজনের জন্য স্বাগতিকদের আতিথেয়তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।