ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার

পেপল-পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবার পথ খুলল

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
পেপল-পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবার পথ খুলল

ছবি: -সংগৃহীত

বাংলাদেশে পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পথ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তসীমান্ত (ক্রস-বর্ডার) ডিজিটাল লেনদেনকে আধুনিক ও সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’ চালু করেছে। এর ফলে দেশের ব্যাংকগুলো আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গ্রাহকদের জন্য বৈদেশিক লেনদেনের সুবিধা চালু করতে পারবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন ব্যবস্থার আওতায় ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক লেনদেন প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা দিতে পারবে।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো গ্রাহকদের জন্য ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ)’ নামে ডিজিটাল ওয়ালেট খুলতে সহায়তা করবে। তবে এসব অ্যাকাউন্ট সরাসরি বা স্বতন্ত্রভাবে পরিচালিত হবে না। প্রতিটি ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের একটি ‘মাস্টার ডিভিএ’ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে রিয়েল-টাইম মনিটরিং এবং সমান্তরাল হিসাব সংরক্ষণ করতে হবে। অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা ফেরত বা সমন্বয় করা হবে।

এই সুবিধার আওতায় ব্যক্তি, ব্যবসায়ী, রপ্তানিকারক, ফ্রিল্যান্সার এবং ই-কমার্স উদ্যোক্তারা বৈদেশিক মুদ্রায় সহজে লেনদেন করতে পারবেন। ব্যক্তিগত, চিকিৎসা বা সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় এই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে। পাশাপাশি আন্তর্জাতিক অনলাইন কেনাকাটা বা বিভিন্ন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যয়ের সুযোগ থাকবে। সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, ভিসা প্রসেসিং ফি এবং অনলাইনে হোটেল বুকিংয়েও এই সুবিধা ব্যবহার করা যাবে।

এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবধারীরাও এই সুবিধার আওতায় আসবেন। ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ তিনজন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক ব্যয়ের জন্য ডিভিএ ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে ফ্রিল্যান্সার ও ই-কমার্স উদ্যোক্তারা বিদেশ থেকে অর্জিত অর্থ আরও সহজে দেশে আনতে পারবেন।

বাংলাদেশে আগত বিদেশি নাগরিক ও পর্যটকেরাও দেশীয় মার্চেন্ট পয়েন্টে অর্থ পরিশোধের জন্য এই ডিজিটাল সেটেলমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালন কাঠামোর বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে পূর্বানুমোদন নিতে হবে। পাশাপাশি অর্থপাচার প্রতিরোধ, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং নিয়মিত লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।