https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো শুধু নির্ধারিত সময়ের মধ্যে শেষ করলেই হবে না, বরং সেগুলোর সর্বোচ্চ ব্যবহার ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাভুক্ত চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় উপাদান যুক্ত করতে হবে। একই সঙ্গে বাকি কাজগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে এগোতে হবে। জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়নের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের অনেক প্রকল্পে ঠিকাদার, প্রকৌশলী ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি অনৈতিক চর্চা লক্ষ্য করা যায়। তিনি বলেন, জনগণকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, কারণ তারা সবকিছুই বুঝতে পারে।
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, এমন একটি ব্যবস্থা থাকলে সব প্রকল্পের অগ্রগতি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি একটি প্রকল্প শেষ হওয়ার পর নতুন কাজের জন্য অপেক্ষা না করে সমান্তরালভাবে অন্যান্য কার্যক্রমও এগিয়ে নেওয়া যাবে, ফলে কোনো অবকাঠামো বা সম্পদ অব্যবহৃত থাকবে না।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ এখন একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর সেবা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তাই কর্মকর্তাদের আরও পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বড় প্রকল্পের নকশা এমনভাবে তৈরির পরামর্শ দেন, যাতে তা থেকে বহুমাত্রিক সুফল পাওয়া যায়।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর ব্যয়, অগ্রগতি ও উপযোগিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ্ আলম, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।