করদাতাদের সময়মতো আয়কর রিটার্ন দাখিলে উৎসাহ দিতে বিশেষ কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

রোববার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা মিলবে না।

এছাড়া ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করলে অতিরিক্ত ৫ শতাংশ বা ৫ হাজার টাকা—যেটি বেশি, তা পরিশোধ করতে হবে।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে করদাতারা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।