https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ায় ঢাকা-রোম-টরন্টো রুটের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট বিজি৩০৬ পরিচালনার সময় রোম বিমানবন্দরে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে থাকা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান। ত্রুটি সমাধান ও নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি৩০৫ ফ্লাইটও বিলম্বিত হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ফ্লাইটটি ৮ আগস্ট দুপুর ১টায় (স্থানীয় সময়) ঢাকা থেকে ছেড়ে যাবে। যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজি৩০৬ ফ্লাইটের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রয়োজনে যাত্রীরা বিমানের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে বিমান জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।