পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করতে মক্কা নগরীতে জরুরি বার্তা পাঠানো হয়। পাশাপাশি ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও সতর্কতা জারি করা হয়। তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
সৌদির জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা দেখা দিলে সক্রিয় করা হয়।
এর আগে গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করেছিল, ২০১৭ সালের পর প্রথমবারের মতো মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি দাবি করে, ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
এর কয়েক দিনের মধ্যে হুথিরা সৌদি রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক সময়ে হুথিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইয়েমেনের সংঘাতের প্রভাব সৌদি আরবসহ পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে মক্কা বা অন্যান্য অঞ্চলে নতুন কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে সতর্কতা জারির সময় সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

মন্তব্য করুন