জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৫টায় এবং বাংলাদেশ সময় রাত ৩টায় তাঁর এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, ‘স্মার্ট ফার্মার কার্ড’, দেশে ভ্যাকসিন উৎপাদন এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নারী কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়।

এ ছাড়া বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীদের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি উঠে আসে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নদী-খাল খনন, বৃক্ষরোপণ, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন প্রসারের পরিকল্পনাও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরকে বাণিজ্যিক কূটনীতির গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।