মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে হোয়াইট হাউস ত্যাগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে বৈঠকটি শেষ হয়।

বৈঠক শেষে ট্রাম্প ও শি কিছুক্ষণ একসঙ্গে কথা বলেন। পরে শি জিনপিং যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা লাগানো গাড়িতে হোয়াইট হাউস ছাড়েন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বৈঠকটি ‘ভালো’ এবং পরে ‘দুর্দান্ত’ হয়েছে।

হোয়াইট হাউসে অবস্থানকালে ট্রাম্প শি জিনপিংকে সাউথ লনে নির্মিত নতুন হেলিপ্যাড ঘুরিয়ে দেখান। সেখানে ব্যবহৃত গ্রানাইট নিয়ে দুজন কথা বলেন। ট্রাম্প মন্তব্য করেন, শি পাথরের বিষয়ে বিশেষজ্ঞ এবং মানসম্পন্ন গ্রানাইট পছন্দ করেন।

এরপর ট্রাম্প শি জিনপিংকে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারের ভেতর ঘুরিয়ে দেখান। পাশাপাশি নির্মাণাধীন নতুন বলরুমও দেখান তাকে।

তবে বৈঠকে তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা চীনে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হংকংয়ের সাবেক মিডিয়া টাইকুন জিমি লাইয়ের বিষয়টি আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প।

এদিকে, শি জিনপিংয়ের সফরের সময় যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন।