বরিশাল-ঢাকা রুটে সপ্তাহের সাত দিন নিয়মিত বিমান চলাচলের দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। একই সঙ্গে যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুরও দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে মন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়, বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ১৯৭৯ সালে। দীর্ঘ প্রক্রিয়ার পর ১৯৯৯ সালে নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ফ্লাইট চালু হয়। ২০২১ সালের ২৬ মার্চ থেকে নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তী সময়ে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে।
বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দুটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে সপ্তাহের প্রতিদিন ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে কমিটি।
এ ছাড়া যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুর দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যশোর ও চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে। বর্তমানে বরিশাল থেকে চট্টগ্রামে সড়কপথে যেতে প্রায় ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে।
কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, নিয়মিত বিমান যোগাযোগ নিশ্চিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতও উপকৃত হবে।

মন্তব্য করুন