হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরান কঠোর অবস্থান জানিয়েছে। তেহরান বলেছে, ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা হলেও শুধু এই চুক্তির মাধ্যমে কৌশলগত জলপথটি পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে না। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে তাদের আরও একটি জাহাজে ইরানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে।
প্রণালির দুই পাশে অবস্থিত ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। চুক্তি হলে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন আবার শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের অবসানের অংশ হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের সমঝোতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমান সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করা অন্যান্য শর্ত পূরণের ওপর নির্ভর করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও রয়েছে।
আরাঘচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে আগের নৌপথটি তেহরানের কাছে আর গ্রহণযোগ্য নয়। স্থায়ী নৌপথের কারিগরি ও আইনি বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌপথ নিয়ে আলোচনা চলছে।
সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা শুরু করে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
এদিকে শনিবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে যুক্ত একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিরাতের অভিযোগের বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানি সংবাদমাধ্যমগুলো আমিরাতের গণমাধ্যমে প্রকাশিত হামলার খবর প্রচার করলেও হামলার জন্য ইরানকে দায়ী করার অংশটি বাদ দিয়েছে।

মন্তব্য করুন