ঢাকা
০৯ আগস্ট ২০২৬

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদেরকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদেরকে প্রধানমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনওদের সঙ্গে এক সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত। এই সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন উল্লেখ করে তিনি বলেন, যে উপজেলায় দায়িত্ব পালন করছেন সেটি নিজের এলাকা না হলেও বাংলাদেশেরই অংশ। তাই সেখানকার মানুষকে আপনজন মনে করে কাজ করতে হবে।

শুধু আইন প্রয়োগের মাধ্যমে সব সামাজিক সমস্যা সমাধান সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জনসচেতনতা বাড়াতে ইউএনওদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে উদ্যোগী হতে বলেন।

সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষের মধ্যে দয়া-মায়া ও সহমর্মিতা কমে যাচ্ছে। এই প্রবণতা ঠেকাতে মানুষের পাশাপাশি পশুপাখি ও প্রকৃতির প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ৮৩টি উপজেলার ইউএনওদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

ইউএনওরা জানান, খাল পুনঃখননের ফলে অনেক এলাকায় পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নতি হয়েছে এবং দুই ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদন হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, সারা দেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরি করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে বাংলাদেশকে সব প্রাণী ও প্রাণের জন্য নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031