ঢাকা
১৪ আগস্ট ২০২৬

বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রাকিবের

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রাকিবের

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ কথা জানান তিনি।

এর আগে গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে।

পোস্টে রাকিব দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তারেক রহমান ও প্রয়াত খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক নেতাদেরও ধন্যবাদ জানান তিনি।

রাকিব বলেন, তার নেতৃত্বাধীন কমিটির নেতারা আর্থিক সংকটের মধ্যেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম না হওয়ায় তিনি ‘আমৃত্যু গর্বিত’ থাকবেন।

দায়িত্ব পালনকালে ক্যাম্পাসে ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং সাধারণ শিক্ষার্থীদের হয়রানি থেকে দূরে রাখার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন ও রাজপথে ভূমিকা পালনকে রাকিব-নাছির কমিটির অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরেন ছাত্রদল সভাপতি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031