https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে একটি বাসা থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধারের খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রিধির সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় রিধির। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে পুলিশ। মৃত্যুর আগে রিধির সঙ্গে ওই ব্যক্তির কী কথা হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও নিয়মিত কাজ শুরু করেন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিজের পরিচিতি তৈরি করছিলেন এই অভিনেত্রী।