https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট হয়ে মাত্র পাঁচ দিনেই তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে।
গত ১১ আগস্ট থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন করা যাবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আবেদন শুরুর পাঁচ দিনের মধ্যেই তিন লাখের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। এসএসসি পরীক্ষার ইতিহাসে এত অল্প সময়ে এত বেশি আবেদন আগে দেখা যায়নি।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্টরা বলছেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় খাতা চ্যালেঞ্জের আবেদন বেড়েছে। বিশেষ করে অকৃতকার্য এবং প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে পুনর্নিরীক্ষণের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
এবার পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।