https://timenewsbangla.com

অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই এবং অগ্নিনিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় বেবিচকের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়ায় অগ্নিকাণ্ডের অনুশীলনমূলক পরিস্থিতি তৈরি করে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ, সরঞ্জামের যথাযথ ব্যবহার, নিরাপদে স্থান ত্যাগ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়গুলো বাস্তবভাবে অনুশীলন করা হয়।
বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ এভিয়েশন স্থাপনার নিরাপত্তায় আধুনিক সরঞ্জামের পাশাপাশি প্রশিক্ষিত জনবল ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের মহড়ার মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য ঘাটতি চিহ্নিত করা যায়। মহড়ায় পাওয়া পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
বেবিচক জানিয়েছে, পূর্বপরিকল্পিত এ প্রশিক্ষণমূলক মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টদের প্রস্তুতি, দক্ষতা ও পারস্পরিক সমন্বয় যাচাই এবং সার্বিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা।