ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

ছবি: -সংগৃহীত

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউ মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। ওই সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েন। পরে উদ্ধার অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি দমকলের গাড়ি। তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন নিয়ন্ত্রণের পর হোটেল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কলকাতার এই ঘটনার মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠেও একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ১৭ আগস্ট ভোরে হোটেল বিদেষিণীতে ওই অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং কয়েকজন আহত হন।

পাঁচতলা হোটেলটির নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সে সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকে হোটেলের ভেতরে আটকা পড়েন।

পরপর দুই হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা ও আশপাশের এলাকায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031