https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউডে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে। দুই প্রজন্মের এই দুই তারকাকে নিয়ে ভৌতিক-থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এটি তার পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে শুরু হবে শুটিং।
সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কনিকার নতুন সিনেমায় সাইফ ও কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। গল্পে থাকবে থ্রিলারের পাশাপাশি অতিপ্রাকৃত উপাদানও। দুই তারকাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।
চিত্রনাট্যকার হিসেবে এরই মধ্যে বলিউডে পরিচিতি পেয়েছেন কনিকা ঢিলন। তার লেখা ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শকের প্রশংসা পেয়েছে।
এবার চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিতে যাচ্ছেন কনিকা। তার অভিষেক সিনেমায় সাইফ-কিয়ারার মতো দুই জনপ্রিয় তারকার জুটি দর্শকদের জন্যও হতে যাচ্ছে নতুন আকর্ষণ।