ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

ছবি: -সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) অধীন হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত ওই ওয়ার্ডে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় নবজাতকদের রাখা কক্ষে ১৬টি শিশু ছিল। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১৫ জন আগুনে পুড়ে মারা যায়।

ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতকদের রাখা কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত কক্ষটিতে ছুটে যান। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তারা মাত্র একজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার পর অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031