https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী—এমন ইঙ্গিতের বিষয়ে নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন সব বিষয়ের ওপর তারা সার্বক্ষণিক নজর রাখেন।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশকে চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে তা ইতিবাচকভাবে নেওয়া হবে।
বাংলাদেশের অবস্থান নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবিও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগ্রহ জানালে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।
তাহির আন্দ্রাবি বলেন, মক্কা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। ক্রমবিকাশমান এই নিরাপত্তা কাঠামোয় যৌথ দায়িত্ব ও নিরাপত্তার বিষয়ে অভিন্ন অঙ্গীকার রয়েছে—এমন দেশগুলো যুক্ত হতে পারবে বলেও জানান তিনি।
তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন পাকিস্তানের এই মুখপাত্র।
এদিকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রণধীর জয়সওয়াল। রংপুরে এক শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।