https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মুসলিম দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায় তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চালানো হামলা প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় মিসর ও লেবাননের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন আরাঘচি।
মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তিনি বলেন, কায়রো আগ্রহ দেখালেই তেহরান এ বিষয়ে প্রস্তুত। ইরান মিসরের সঙ্গে সুসম্পর্ক চায় বলেও জানান তিনি।
লেবানন প্রসঙ্গে আরাঘচি বলেন, দেশটির সরকার ও রাজনৈতিক সব পক্ষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে ইরান প্রস্তুত। তবে লেবাননের কিছু নীতির সমালোচনা করে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বাস্তবসম্মত অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান কখনো প্রতিবেশী বা মুসলিম দেশগুলোতে হামলা চালায়নি। বরং এসব দেশে থাকা মার্কিন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের পদক্ষেপের আগে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা অব্যাহত রয়েছে।