https://timenewsbangla.com

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্সের বিখ্যাত ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে সেতু দিয়ে পর্যটকদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, উজানের বিভিন্ন নদী ও টানা বৃষ্টির পানি কাপ্তাই হ্রদে এসে পড়ায় দ্রুত পানি বাড়ছে। শুক্রবার বিকেলে হ্রদের পানি সেতুর পাটাতন স্পর্শ করে। শনিবার সকালে সেতুর ওপর প্রায় চার ইঞ্চি পানি উঠে যায়।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে সেতুটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
কাপ্তাই হ্রদের পানি শনিবার দুপুরে ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএলে পৌঁছেছে। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। পানি আরও বাড়তে থাকায় রাতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি অনুযায়ী জলকপাট খোলার পরিমাণ বাড়ানো বা কমানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।