https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া কয়েকজন তার ও তার পরিবারের ওপর হামলা চালান। ঘটনার পর ইতালির পুলিশের সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি।
হামলার ঘটনায় ইতালির থানায় মামলা করার ঘোষণা দিয়েছেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। একই সঙ্গে ঘটনার পর যারা তার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাঁধন বলেন, গতকাল তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। হামলাকারীরা নিজেদের বাংলাদেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, তিনি কখনো মাথা নত করেননি এবং তাকে ভেঙে ফেলা সহজ নয়। ঘটনার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে এবং রাতে নিরাপদ একটি স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি।
বাঁধন আরও জানান, বাংলাদেশ দূতাবাস থেকেও তিনি সহযোগিতা পেয়েছেন। দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সহযোগিতায় তিনি থানায় গিয়ে মামলা করবেন।
হামলার ঘটনার পক্ষে তাদের কাছে প্রমাণ রয়েছে দাবি করে বাঁধন বলেন, এরই মধ্যে তারা হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
বিপদের সময়ে পাশে দাঁড়ানো দেশ-বিদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, একজন বাংলাদেশি হিসেবে তিনি গর্বিত। দেশের মানুষ তার বিপদের সময় পাশে দাঁড়ানোয় তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথাও তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, ওই সময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো তার জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর একটি এবং এ জন্য তিনি নিজেকে ‘গর্বিত জুলাই যোদ্ধা’ মনে করেন।
তবে হামলার ঘটনায় নিজের পরিবারের সদস্যদের হয়রানি ও শারীরিকভাবে আক্রান্ত হওয়ার অভিযোগে গভীর ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। বিশেষ করে তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং তিন বছরের শিশুর ওপর হামলার অভিযোগকে তিনি অত্যন্ত ন্যক্কারজনক বলে উল্লেখ করেন।
শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে বাঁধন বলেন, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। ঘটনার শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।