https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বিজয় অর্জন করেছে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। ভোটগ্রহণের সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
এই সাফল্যের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে এ দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। পরবর্তীতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের জন্য এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।