https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার পর তার ও পরিবারের খোঁজ নিতে রাজধানীতে বাঁধনের বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান বাঁধন নিজেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ও পরিবারের খোঁজ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাসায় এসেছিলেন।
বাঁধন লেখেন, হুমায়ুন কবিরের আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতায় তিনি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে এবং একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থা আরও দৃঢ় করেছে।
ইতালিতে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বাঁধন বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ যারা তার ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এই অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস ও পারস্পরিক দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয়।
বাঁধন আরও বলেন, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বহুগুণ বেড়ে যায়। নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে তিনি সবার সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন।