যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশের নাম উঠে এসেছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও তুরস্ক মিলে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বোয়িং ও মার্কিন নির্মাতাদের জন্য এটি একটি বড় দিন। তিনি দাবি করেন, উড়োজাহাজ বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের রপ্তানি আয় ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
পোস্টে ট্রাম্প মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও বাণিজ্য বিভাগের সহযোগিতার কথাও উল্লেখ করেন। তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে একটি সম্পূরক চুক্তি সই করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
তবে ট্রাম্পের পোস্টে উল্লেখ করা ১১১টি উড়োজাহাজের মধ্যে বাংলাদেশের অংশ হিসেবে কতটি এবং তুরস্কের অংশ হিসেবে কতটি, তা ওই পোস্টে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন