বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে প্রামাণ্যচিত্রটি।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর উল্লেখযোগ্য টেলিভিশন কনটেন্ট, ড্রামা, সংবাদ প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রকে পুরস্কৃত করা হয়। এবারের প্রতিযোগিতায় ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ কাতারের প্রতিনিধিত্ব করছে। প্রামাণ্যচিত্রটি সরাসরি বাংলাদেশের কোনো প্রযোজনা নয়; এটি আল জাজিরার বিশেষ অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত হয়েছে।
প্রামাণ্যচিত্রটির মূল গবেষক ও প্রধান অনুসন্ধানী হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানান তিনি। সায়ের বলেন, আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পাওয়ার খবরটি তাকে অভিভূত ও সম্মানিত করেছে। তবে এই স্বীকৃতির মূল দাবিদার বাংলাদেশের সাধারণ মানুষ—বিশেষ করে সেই শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনেরা, যারা আন্দোলনের কঠিন ৩৬ দিন পার করেছেন এবং অনেকে জীবন দিয়েছেন।
প্রামাণ্যচিত্রটির আন্তর্জাতিক স্বীকৃতিতে দেশের নির্মাতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলকারনাইন সায়ের ও উইল থর্ন যখন শেখ হাসিনার শেষ ৩৬ দিন নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, তখনই তিনি এটিকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে মনে করেছিলেন। আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পাওয়ায় তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
নির্মাতা আশফাক নিপুণও সামাজিক যোগাযোগমাধ্যমে সায়েরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
এদিকে প্রামাণ্যচিত্রটি নিয়ে বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও সে সময়ের ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক দর্শকের কাছেও নতুন করে আলোচনায় এসেছে।
আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ৫৪তম আসর। এবারের প্রতিযোগিতায় আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, ফিলিপাইন, পর্তুগাল, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, তুরস্ক ও যুক্তরাজ্যসহ ২২টি দেশের বিভিন্ন কনটেন্ট ও শিল্পী মনোনয়ন পেয়েছেন।

মন্তব্য করুন