ইংল্যান্ডের একটি মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ডের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি এবং বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহ রয়েছে। তদন্ত চলাকালে ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের কয়েক ডজন বাড়ির বাসিন্দাকেও সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মধ্যরাতের পর তথ্য পাওয়ার পর অভিযান শুরু হয় বলে জানিয়েছেন গ্লুচেস্টারশায়ারের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা রিচার্ড ওকোনেরি। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় বা তাদের সম্ভাব্য উদ্দেশ্য প্রকাশ করা হয়নি।

সন্ত্রাসবিরোধী পুলিশের কর্মকর্তা ভিকি ইভান্স বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পাঁচজনই পুলিশের হেফাজতে আছেন। তাদের বিষয়ে তদন্তে বিভিন্ন অংশীদার সংস্থার সঙ্গে কাজ করছে পুলিশ।

ঘটনাস্থলের কাছে তিনটি যানবাহন পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়কারী দল। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে একটি বোমা নিষ্ক্রিয়কারী রোবটকে যানবাহনের পাশে কাজ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা রাতের দিকে হেলিকপ্টারের শব্দ এবং পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মতো শব্দ শোনার কথা জানিয়েছেন।

ঘটনার পর যুক্তরাজ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে লন্ডনের মার্কিন দূতাবাস। তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তারের ঘটনাকে প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিদের বিষয়ে কাজ করছিল।

আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। ইরানে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বি-১ বোমারু বিমানও ঘাঁটিটি ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।