চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সময় চীনকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ।
রোববার ফক্স নিউজ সানডেতে দেওয়া সাক্ষাৎকারে পারডিউ বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রসঙ্গ আলোচনার একপর্যায়ে ট্রাম্প শিকে সরাসরি প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো অস্ত্র কিনতে আগ্রহী কি না। তবে কখন এই প্রস্তাব দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
পারডিউর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে এবং ভবিষ্যতেও এ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বীপটির প্রধান অস্ত্র সরবরাহকারী ও অনানুষ্ঠানিক সমর্থক। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে।
তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ করতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের ওপর চাপ দিয়ে আসছে বেইজিং। মে মাসে বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠকেও তাইওয়ান ইস্যু গুরুত্ব পায়। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র বিক্রির প্যাকেজ স্থগিত করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও শির ব্যক্তিগত বৈঠকেও তাইওয়ান প্রসঙ্গ উঠে আসে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে শি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন