থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় টানা চার দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা। নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় প্রায় ৩ লাখ ২৯ হাজার পরিবারের ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির পর ২৫ সেপ্টেম্বর ব্যাংককে বন্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর ৫০টি জেলাতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লাত ক্রাবাং। সেখানে ৪০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। এছাড়া বাঙখাপি, খান্নায়ো, লাকসি, সাফান সুং ও সুয়ান লুয়াংসহ বিভিন্ন এলাকাতেও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়েছেন।

বন্যার কারণে শয্যাশায়ী রোগীদের হাসপাতালেও নেওয়া হচ্ছে। গত তিন দিনে ব্যাংককের একটি বড় হাসপাতালে প্রায় ১ হাজার ৫০০ শয্যাশায়ী রোগীকে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সুপেয় পানি, শুকনো খাবার, মোবাইল রান্নাঘর ও উদ্ধার নৌকার প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাংককের গভর্নর চাদচার্ত সিত্তিপান্ত জানিয়েছেন, পানি নিষ্কাশন কার্যক্রম চলছে। নিচু এলাকায় পাম্প বসিয়ে পানি দ্রুত সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশা, প্রধান খালগুলোর পানির স্তর কমলে ধীরে ধীরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকেও পানি নামবে। তবে গভীরভাবে প্লাবিত লাত ক্রাবাং এলাকা থেকে পানি সরাতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।