মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজারে বিমান হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই বেসামরিক বলে দাবি করেছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কিয়াউকতাও শহরের একটি পাইকারি বাজারে এই হামলা চালানো হয়। আরাকান আর্মির দাবি, মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বাজারটিতে দুটি বোমা ফেলে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন।

আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গোষ্ঠীটি। নিহতদের মধ্যে বাজারের অস্থায়ী ও স্থায়ী ব্যবসায়ী ছাড়াও সাধারণ পথচারী ছিলেন বলে দাবি করা হয়েছে।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিয়াউকতাওয়ের বাজারটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি কেন্দ্র হওয়ায় সেখানে সবসময় ক্রেতা-বিক্রেতার ভিড় থাকে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে বাজার ও আশপাশের কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। কয়েকটি যানবাহনও আগুনে পুড়ে যায়। বিমান হামলায় বাজারসংলগ্ন একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

কিয়াউকতাও বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইনের শহরগুলোর একটি। দীর্ঘদিন ধরে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশজুড়ে সংঘাত আরও তীব্র হয়। পরবর্তী সময়ে রাখাইনে নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে আরাকান আর্মি। সংগঠনটির দাবি, রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টিই বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।